বাংলাদেশের তুমুল জনপ্রিয় থ্রিলার ‘মাসুদ রানা’ সিরিজের অন্যতম লেখক এবং অনুবাদক শেখ আবদুল হাকিম মারা গেছেন। শনিবার (২৮ আগস্ট) দুপুর ১টায় রাজধানীর মাদারটেকে তাঁর নিজ বাসায় ইন্তেকাল করেন। আবদুল হাকিমের মেয়ে শেখ আপালা হাকিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, মৃত্যুকালে আবদুল হাকিমের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগেন। শনিবার হঠাৎ করেই তিনি ইন্তেকাল করেন। তাকে হাসপাতালে নেওয়ারও সুযোগ পাওয়া যায়নি।
জানা গেছে, ১৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেছিলেন শেখ আবদুল হাকিম। দেশভাগের পর চার বছর বয়সে পরিবারের সাথে পূর্ব পাকিস্তানে চলে আসেন তিনি। তার জানাজা ও দাফন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান আপালা হাকিম।